এভারকেয়ার হসপিটাল ঢাকায় আপনাকে স্বাগতম
শীতে শিশুর যত্ন: ঠান্ডা আবহাওয়ায় শিশুকে সুস্থ ও নিরাপদ রাখার প্রয়োজনীয় পরামর্শ


ডা. ফাহ্মিদা জাবীন
লেখক
শীতকাল শিশুদের জন্য একটি চ্যালেঞ্জিং সময়, কারণ এ সময়ে সংক্রমণ, ত্বক শুষ্ক হওয়া এবং শ্বাসকষ্টের ঝুঁকি বেশি থাকে। তাই শীতে শিশুর সঠিক যত্ন নেওয়া অত্যন্ত জরুরি, যাতে তারা উষ্ণ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও সুস্থ থাকে।
শীতকালে শিশুকে উষ্ণ রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ভারী পোশাকের বদলে শিশুকে একাধিক স্তরের কাপড় পরানো ভালো, কারণ এতে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ সহজ হয়। মাথা, হাত ও পা ঢেকে রাখা জরুরি, কারণ এই অংশগুলো দিয়ে শিশুর শরীরের তাপ দ্রুত বেরিয়ে যায়। তবে ঘরের ভেতরে অতিরিক্ত গরম করে ফেলাও উচিত নয়।
শীতে শিশুর ত্বকের যত্ন বিশেষভাবে প্রয়োজন। ঠান্ডা বাতাস ও কম আর্দ্রতার কারণে ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে যেতে পারে ও নানারকম চর্মরোগ হতে পারে। তাই গোসলের পর নিয়মিত মাইল্ড ও সুগন্ধবিহীন ময়েশ্চারাইজার ব্যবহার করুন। খুব বেশি সময় ধরে গোসল করানো এবং গরম পানি ব্যবহার এড়িয়ে চলুন।
শীতকালে সর্দি-কাশি ও ফ্লু বেশি হয়। তাই অসুস্থ ব্যক্তিদের থেকে শিশুকে দূরে রাখুন এবং পরিচ্ছন্নতা বজায় রাখুন। শিশুকে ধরার আগে হাত ধোয়া এবং খেলনা ও বোতল পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। ছয় মাসের কম বয়সের শিশুকে শুধুমাত্র বুকের দুধ এবং ২ বছর পর্যন্ত অন্যান্য পুষ্টিকর খাবারের পাশাপাশি বুকের দুধ চালিয়ে যেতে হবে। মাতৃদুগ্ধ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
শিশুর সঠিক পুষ্টিও শীতকালে খুব গুরুত্বপূর্ণ। যারা শক্ত খাবার খায়, তাদের জন্য উষ্ণ ও পুষ্টিকর খাবার দিন। পাশাপাশি পর্যাপ্ত পানি পান করানো নিশ্চিত করুন, যদিও শীতে পিপাসা কম লাগে।
নির্ধারিত সরকারি টিকার পাশাপাশি বাৎসরিক ইনফ্লুয়েঞ্জা টিকা দিলে শিশুরা অনেক ক্ষেত্রেই নিউমোনিয়া ও ইনফ্লুয়েঞ্জা থেকে সুরক্ষা পায়।
সবশেষে, শিশুর পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিশ্চিত করতে হবে সকালে রোদে নেওয়া ভিটামিন ডি পাওয়ার জন্য উপকারী, যা হাড় ও রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে।
সঠিক যত্ন ও সচেতনতার মাধ্যমে শীতকালে শিশুকে সুস্থ ও নিরাপদ রাখা সম্ভব।
